সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে ভাংচুরের ঘটনায় ৩৫ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ।
রোববার নগরীর শাহপরান থানায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ।
মামলায় ১০ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে ৬ জন গ্রেফতার রয়েছেন।
গত বৃহস্পতিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমসি কলেজের দুই ছাত্রাবাসে ব্যাপক ভাংচুর করে ছাত্রলীগ।
টিটু চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগের একাংশ ওই হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ওই দিনই কলেজ কর্তৃপক্ষ শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি করে। এছাড়া তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি কেন্দ্রের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করেছে সিলেট মহানগর ছাত্রলীগ।
শাহপরান থানার ওসি আখতার হোসেন বলেন, মামলার আগে ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছিল। তারা সবাই এই মামলার আসামি।
মামলার আসামিরা হলেন- টিটু চৌধুরী, রবিউল আলম, শিহাব, কাউসার ছাড়াও গত বৃহস্পতিবার গ্রেফতার করা সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাওয়ার আবদুল মান্নানের ছেলে কাউসার, তাহিরপুর উপজেলার রতনশ্রী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে শাওন, সুনামগঞ্জ সদরের অচিন্ত্যপুর এলাকার ইলিয়াস মিয়ার ছেলে রাফিজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলার কাজীপুর গ্রামের অরবিন্দ চৌধুরীর ছেলে নিউটন চৌধুরী, তাহিরপুর উপজেলার কালিজুড়ি রামনগর এলাকার আব্দুল হাসিমের ছেলে সোহাগ মিয়া ও মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ গ্রামের সুভাষ আচার্য্যের ছেলে সৌরভ আচার্য্য।
এদিকে, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার বলেন, এমসি কলেজ ছাত্রাবাসে হামলার পর ছাত্রলীগকে জড়িয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
এ সংবাদের পর ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত কিনা, কারা জড়িত বিষয়টি তদন্তের নির্দেশ দেন কেন্দ্রীয় নেতারা।
নির্দেশ পেয়ে মহানগর ছাত্রলীগ তদন্ত শুরু করেছে। আগামী দু’একদিনের মধ্যে তদন্তের তথ্য তুলে ধরা হবে।
তিনি আরও জানান, গত ১৫ বছরে এমসি কলেজে ছাত্রলীগের কমিটি হয়নি। তারপরও ছাত্রলীগের নামে কারা এমন বিতর্কিত ঘটনা ঘটায় তা- খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এক পর্যায়ে ছাত্রলীগ নেতা টিটু চৌধুরী ও ডায়মন্ডের নেতৃত্বে ছাত্রাবাসে হামলা ও ভাঙচুর চালানো হয়।
এ ঘটনায় শনিবার ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ।





