ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ০১ থেকে থেকে ৩৫০০ মেধাক্রমের প্রার্থীদের মধ্য থেকে ছয়টি বিভাগের সীমিত সংখ্যক শূন্য আসন পূরণের জন্য দরখাস্ত আহবান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আসন খালি থাকা বিভাগ ছয়টি হলো- তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ফারসি ভাষা ও সাহিত্য, উর্দু, সংস্কৃত এবং পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ জানুয়ারি, ২০১৫ তারিখের মধ্যে কলা অনুষদের ডিন বরাবর দরখাস্ত জমা দিতে হবে। প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ১৮ জানুয়ারি ২০১৫ রোববার সকাল ৯টায় কলা অনুষদের ডিন অফিসে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি নির্দেশিকা অনুযায়ী যেসব প্রার্থী ওই ছয়টি বিষয়ের জন্য যোগ্য কেবল তারাই আবেদন করতে পারবে। সাক্ষাৎকারে ডাকার অর্থ ভর্তির নিশ্চয়তা নয়, এবং যে মুহুর্তে বিভাগগুলির নির্ধারিত আসন সংখ্যা পূর্ণ হয়ে যাবে তৎক্ষণাৎ সাক্ষাৎকার গ্রহণ বন্ধ হবে।
সাক্ষাৎকারের সময় ছাত্র/ছাত্রীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এস এস সি ও এইচ এস সি পরীক্ষার মূল নম্বরপত্র ও ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি সঙ্গে আনতে হবে। কোনো কারণে প্রয়োজনীয় কাগজ ও ছবি আনতে ব্যর্থ হলে প্রার্থীকে নির্ধারিত জরিমানা দিয়ে সাক্ষাৎকারে অংশ নেয়ার অনুমতি দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
কেএইচ





