রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ্ত সালাম ও বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আসিককে অস্ত্রসহ আটক করেছে মহানগর ডিবি পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বর থেকে তাদের আটক করা হয়। এর প্রতিবাদে ছাত্রলীগ কর্মীরা প্রক্টর অফিস ও জনসংযোগ দপ্তরে ভাংচুর করে ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রায় ১ঘন্টা অবরোধ করে করে রাখে।
একই সময় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের সকল রুটের বাস চলাচলও বন্ধ করে দিলে চরম দুভোর্গ পোহাতে হয় কয়েক হাজার শিার্থীকে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, রাবি শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সুদীপ্ত সালাম, বতর্মান কমিটির সাংগঠনিক সম্পাদক আসিক বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে বসে আড্ডা দিচ্ছিল।
এসময় মহানগর ডিবি পুলিশ এসে তাদের গ্রেফতার করে নিয়ে যায়। তাদের আটকের প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে বিক্ষিপ্ত নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও জনসংযোগ দপ্তরে ব্যাপক ভাংচুর চালায়।
পরে বেলা ১টা থেকে ২টা পযর্ন্ত ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাবি শাখা ছাত্রলীগ। দীর্ঘ ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখায় সেখানে তীব্র যানজট দেখা যায়।
একই সময় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের সকল রুটের বাস চলাচলও বন্ধ করে দিলে চরম দুর্ভোগ পোহাতে হয় কয়েক হাজার শিার্থীকে। এরপর দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আটক নেতাদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে ছাত্রলীগ কর্মীরা।
রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিন বলেন,বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমাদের একটা মূল্যবোধ আছে। পুলিশ অন্যায়ভাবে সাধারণ শিক্ষার্থীদের মাঝ থেকে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করে পেটাতে পেটাতে নিয়ে গেছে। আমারা এর প্রতিবাদ জানাই। সেই সাথে অবিলম্বে তাদের মুক্তি না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তিনি।

বিশ্ববিদ্যালয় প্রক্টর তারিকুল হাসান বলেন,আমরা বিষটি দেখছি। বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খখলা বজায় রাখতে পরিস্থিতি অনুযায়ী যে কোনো সময় যে কোনো ধরণের পদক্ষেপ নেয়া হতে পারে।
মহানগর ডিবি পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) সাইদুর রহমান ভুইয়া বলেন,সালাম ও আসিককে বিশ্ববিদ্যালয়ে অস্ত্রবাজি ও চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছে। তাদেরকে এখন ডিবি পুলিশ হেফাযতে রাখা হয়েছে।
আটক সুদিপ্ত সালামকে গত ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়তে দেখা গেছে। এর আগে তিনি অস্ত্র ও কলগার্লসহ বোয়ালিয়া পুলিশের হাতে ধরা পড়ে। তার বিরুদ্ধে পুলিশ উপর হামলাসহ ৬টি মামলা রয়েছে।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]