এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের জন্য দায়ী করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহাবুব হাসানের অপসারণ দাবিতে খাগড়াছড়িতে বাংলাদেশ শিক্ষক সমিতির সাংবাদিক সম্মেলন করেছে।

খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দ বুধবার সকালে (৩১ আগস্ট) এ দাবি জানান। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো: আমজাদ হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মো: রেজাউল করিম, এটি এম নেছার উল্লাহ, আতিক উল্লাহ ও মো: বেলাল হোসেন।

সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহাবুব হাসান দুর্নীতির আশ্রয় নিয়ে নিম্নমানের ওএমআর ব্যবহার করার কারণে ২০১৬ সালের ১২ মে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণে পরবর্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলনের মুখে দ্বিতীয় দফা সংশোধনী ফলাফলে ১৪ হাজার ১৫৮ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন ও নতুন করে ৮৫৩ জন জিপিএ-৫ পেয়েছে।

গত ১৮ আগষ্ট প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলেও বিপর্যয় ঘটেছে বলে এ অঞ্চলের সুশিল সমাজ বিশ্বাস করে।

এমএনজে