ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সামিনা লুৎফারের ওপর হামলার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন হামলাকারী বাড্ডা থানার অফিসার ইন চার্জ (ওসি) এম এ জলিল।

রোববার সকালে অভিযুক্ত এম এ জলিলকে নিয়ে পুলিশের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাবি উপাচার্য দপ্তরে এসে এ ক্ষমা প্রার্থনা করেন।

প্রতিনিধি দলে ছিলেন পুলিশের রমনা জোনের সহকারী উপ-কমিশনার (এডিসি) শিবলী নোমান, এসি আনোয়ার হোসেন ও শাহবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি)সিরাজুল ইসলাম।

এ বিষয়ে সামিনা লুৎফা বলেন, এম এ জলিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বরাবর একটি লিখিতপত্রে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

তবে ক্ষমা চাওয়ার বিষয়টি জানতে চাইলে শিবলী নোমান বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। ওই ভুল বোঝাবুঝি নিরসন করতে আমরা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম।

এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য ছাড়াও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌসসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

গত ৬ আগস্ট তোবা গার্মেন্টসের সামনে আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের মানবিক ও গবেষণার কাজে সেখানে গিয়ে পুলিশের হামলার শিকার হন সামিনা লুৎফা। ওই সময় তিনি নিজের পরিচয় দিলেও রেহাই পাননি।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ