রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিবির ও ছাত্রলীগের পাল্টাপাল্টি মিছিলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মেহেদী হাসান নামে এক শীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
নবাব আবদুল লতিফ হল শাখার সাধারণ সম্পাদক রাসেল আলমের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৯টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এ ঘটনার পর দুপুরে মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিবির ও ছাত্রলীগের পাল্টাপাল্টি মিছিলের কারণে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন পর ক্যাম্পাসে শিবিরের প্রকাশ্য মিছিলের কারণে আতঙ্কে রয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও।
অপরদিকে, শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক শিক্ষার্থীর নাম মেহেদী হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় শিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা বলেন, আমরা গণতান্ত্রিক উপায়ে পূর্বঘোষিত কর্মসূচি পালন করেছি এবং গণতান্ত্রিকভাবেই বুধবাবের মধ্যে যদি রাসেলের ওপর হামলাকারীদের গ্রেফতার না করা হয় তাহলে বৃহস্পতিবারে ক্যাম্পাসে ধর্মঘট পালন করা হবে।
রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, শিবির ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বহিরাগত ক্যাডার নিয়ে এসে ক্যাম্পাসে জঙ্গী মিছিল করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই।
নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, শিবির কর্মীরা ক্যাম্পাসে ঝটিকা মিছিল বের করেছে এমন সংবাদে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। পরে প্রধান ফটকের সামনে থেকে শিবির সন্দেহে ১ জনকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তারিকুল হাসান বলেন, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





