ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজ মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ১২তম ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদ্যাপন করা হয়েছে।
সকাল ৯ টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. মো. রফিকুল আলম বেগ। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কবর জিয়ারত করা হয়।
৯.২০ টায় অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। সাড়ে ৯টায় প্রশাসনিক ভবন থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
এসব কর্মসূচিতে ভিসি প্রফেসর ড. মো. রফিকুল আলম বেগ এবং ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ মোশাররাফ হোসেন সহ সিন্ডিকেট সদস্য, ডীন, বিভাগীয় প্রধানহর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এছাড়া সকাল ১০ টায় কেন্দ্রীয় শরীরচর্চা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় প্রীতি ভলিবল ও ক্রিকেট ম্যাচ। ১২ টায় কেন্দ্রীয় শরীর চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. মো. রফিকুল আলম বেগ ও যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. নীরেন্দ্র নাথ মুস্তাফী।
সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর এন. এইচ. এম কামরুজ্জামান সরকার। বাদযোহর কেন্দ্রীয় মসজিদে রুয়েটের কল্যাণ ও অগ্রযাত্রা কামনা করে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।
এসএইচ





