জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মো. নূর মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নূর মোহাম্মদের সহপাঠীদের অভিযোগ, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর হামলা চালান। এ সময় কাঠের টুকরা ও লাঠি দিয়ে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত শিক্ষার্থী রাকিব শিকদান ফেসবুক লেখেন, আজ সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে আমরা সোহরাওয়ার্দী কলেজের সামনে অপেক্ষা করছিলাম ইনকিলাব মঞ্চ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ সদস্য এবং জবির দুই শিক্ষার্থী। গতকাল ছাত্রদলের হামলায় আমাদের সদস্য বোন মীম আহত হয়, ওর বাসায় যাচ্ছিলাম আমরা।
সোহরাওয়ার্দীর সামনে আমরা অপেক্ষা করছিলাম আরেকজন সদস্যের জন্য। হঠাৎ আমাদেরকে ঘিরে ধরে ২০-২৫ জন। এরপর সোহরাওয়ার্দী ছাত্রদল সভাপতি জসিম কাকে ভিডিও কল দেয়। নূর মোহাম্মদকে দেখিয়ে বলে, "এরা দেখতো শিবির কিনা? দেখতো, এটা জবির স্বাস্থ্য সম্পাদক না?" ফোনে ওপাশ থেকে বলল, "হ্যাঁ।" জসিম বলল, "শুরু কর। মার ওদের।" এভাবেই আমাদের ওপর হামলা হয় আজ। আমাদের সাথে জবির দুজন শিক্ষার্থীর দেখা হয় সোহরাওয়ার্দী মোড়ে। ওদের ওপরও হামলা হয়। কাঠ দিয়ে তাদের মাথায় আঘাত করতে দেখি। এরপরে কী হয় জানিনা। তাদের নাম, পরিচয় এখনও জানা যায়নি।
ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ও ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এক ফেসবুক পোস্টে লিখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদের ওপর হামলা করেছে ছাত্রদল।
জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফও ফেসবুকে দেয়া এক পোস্টে হামলাকারীদের বিচারের দাবি জানান। তিনি অভিযোগ করেন, নূর মোহাম্মদের পাশাপাশি কয়েকজন নারী শিক্ষার্থীর ওপরও হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল। তিনি বলেন, ‘গতকালের ঘটনার পর থেকে আমি অসুস্থ। বিকেলে কলেজে কারো থাকার কথা নয়। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির উদ্দিন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর ওপর এ ধরনের হামলা মেনে নেয়া যায় না। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
এস