আগামী ২৩ জুলাই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং ২৪ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে মুঠোফোনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, বেশ কিছুদিন আগেই ২৩ এবং ২৪ জুলাই যথাক্রমে রুয়েট ও রাবি শাখার কাউন্সিল হবার খসড়া তারিখ নির্ধারিত হয়েছিল। তবে কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা না করায় বিষয়টি এখনো প্রকাশ করা হয়নি। তবে আশা করছি নির্ধারিত তারিখেই এ সম্মেলন ঘোষনা করা হবে।

এর আগে ২০১৩ সালের ২০ জুলাই মিজানুর রহমান রানাকে সভাপতি ও এসএম তৌহিদ আল হোসেন তুহিনকে সাধারণ সম্পাদক করে রাবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। ২০১৪ সালের ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় তুহিনকে পদ থেকে অব্যহতি দেয়া হয়। এদিনই খালিদ হাসান বিপ্লবকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

চলতি বছরের ১৬ জানুয়ারি ছাত্রলীগ সভাপতি রানাকে দলীয় শৃখলা ভঙের দায়ে বহিষ্কার করা হয়। এসময় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুকে।

এব্যাপারে জানতে চাইলে রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, সম্মেলনের বিষয়ে কেন্দ্র থেকে এখনো আমাদেরকে জানানো হয়নি। তবে যতদুর সম্ভব ২৪ তারিখে কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে বলে জানান তিনি।

এমআইএস