জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন ছাত্রদল কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ কর্মীরা। মঙ্গলবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রদল কর্মীরা হচ্ছেন, আরিফুল ইসলাম (ইংরেজি-৪১), জান্নাতুল আশিক খান সূর্য (সরকার ও রাজনীতি বিভাগ-৪২) ও মাজহার আমিন তমাল (সরকার ও রাজনীতি বিভাগ-৪২)।

আহতদের মধ্যে আরিফকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ছাত্রদল নেতাকর্মীরা জানিয়েছে। তবে তমাল ও সূর্যকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ছাত্ররা জানায়, জাবি শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক আবদুল কাইয়ুম বিপুল (ইয়রেজি-৩৮), ছাত্রলীগ কর্মী শামিম (ইতিহাস-৩৯), আসিফের (রসায়ন-৩৯) এর নেতৃত্বে সৌরভ (৪০-উদ্ভিদবিজ্ঞান), তুহিন (৪০-অর্থনীতি), অনিক (৪০-গণিত), আরমান (৪০ তম আবর্তন) ছাত্রদল কর্মীদের লোহার পাইপ, ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে।

আহত তমাল বলেন, স্মৃতিসৌধে ফুল দিতে যাওয়ায় আমাদের রুমে ডেকে নিয়ে বেধড়ক পেটায়।

আহত তিনজন জাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল্লাহ শুভ গ্রুপের কর্মী বলে জানা গেছে।
হামলার বিষয়ে ছাত্রলীগের হল সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিমন বলেন, ছাত্রদলের প্রোগামে যাওয়ায় জুনিয়র নেতাকর্মীরা চর থাপ্পর দিয়েছে বলে শুনেছি।

এ হামলার তীব্র নিন্দা জানিয়ে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল্লাহ শুভ বলেন, ছাত্রলীগের নির্যাতন বেড়েই চলছে। আর এ হামলার জবাব হামলা করেই দেয়া হবে।

প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, এখনো কোনো অভিযোগ পায়নি, অভিযোগে পেলে তার ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

এএইচ