যথাযোগ্য মর্যাদায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা কর্মসূচির আয়োজন করে।
শুক্রবার সকালে ঢাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন চত্ত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখ থেকে উপাচার্যের নেতৃত্বে একটি শোক র্যালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে শেষ হয় এবং সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম বিপুলের তত্ত্বাবধাণে ঐ হলের দেয়ালে অঙ্কিত বঙ্গবন্ধুর সুবৃহৎ ছবি ও ঐ হলের ছাত্রদের কৃত ‘দেয়াল পত্রিকা’উন্মোচন এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।
বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





