জবি ছাত্রলীগ কর্মীরা এবার পরিবহন শ্রমিকদের পিটিয়ে টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সদরঘাট-মিরপুর রোডে চলাচলকারী বিহঙ্গ পরিবহনের চালক ও সহযোগীকে পিটিয়ে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাহাদুরশাহ পার্কের কাছে তারা টাকা ছিনতাই করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরপুর থেকে ছেড়ে আসা বিহঙ্গ পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ১১-৩১৯৯) বাহাদুরশাহ পার্কের কাছে আসলে জবি ছাত্রলীগ পরিচয়দানকারী শাহ আলম তার দলবল নিয়ে এসে চালক মোস্তফা ও সহযোগী আতাউরকে পিটিয়ে আহত করে।

শাহ আলম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের কর্মী। এ সময় শাহ আলম তাদের কাছে থাকা নগদ তিন হাজার চারশত পঁচাশি টাকা ছিনিয়ে নিয়ে যায়।

বিহঙ্গ পরিবহনের কর্মচারী কামাল জানান, জবির এক ছাত্র ভাড়া দেওয়ার জন্য একশত টাকা দেয়। ভাড়া রেখে বাকি টাকা ফেরত দিলে সে পাঁচশত টাকা দিয়েছে বলে দাবি করে।

এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে ফোনে শাহ আলমসহ কয়েকজনকে ডেকে নিয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই শাহ আলমসহ অন্যরা আমাদের পিটিয়ে সঙ্গে থাকা নগদ তিন হাজার চারশত পঁচাশি টাকা ছিনিয়ে নিয়ে যায়।

টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে শাহ আলম সাংবাদিকদের বলেন, ভাড়া নিয়ে মাসুম নামে এক বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করলে আমি ও নাঈমসহ কয়েকজন সেখানে গিয়ে উপস্থিত হই।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, শাহ আলম নামে ছাত্রলীগে আমার কোনো কর্মী নেই। এমন কাজ কেউ যদি করে থাকে তবে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি।

এসএইচ