ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দিয়েছে প্রথম বর্ষের শিক্ষার্থীরা।
সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম নুরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নুরুল ইসলাম তাঁর বান্ধবীকে নিয়ে বটতলায় নাটক দেখছিলেন। এ সময় প্রথম বর্ষের কিছু শিক্ষার্থী তাঁর পরিচয় জানতে চায় এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখাতে বলে।
নুরুল ইসলাম পরিচয়পত্র দেওয়ার পর তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে নুরুল ইসলামকে মারধর করে প্রথম বর্ষের শিক্ষার্থীরা। এতে তার মাথা ফেটে যায়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত ওই শিক্ষার্থীর সহপাঠী জানান, নুরুল ইসলামের কাছ থেকে ফোন ও টাকা ছিনিয়ে নিয়েছে প্রথম বর্ষের ওই শিক্ষার্থীরা। তাঁর মাথায় ১৫টা সেলাই দেওয়া হয়েছে। হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল এবং সার্জেন্ট জহরুল হক হলের শিক্ষার্থী বলে শুনেছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ওই শিক্ষার্থী সন্ধ্যায় বান্ধবীকে নিয়ে বটতলায় বসেছিল। তখন কে বা কারা তাকে মারধর করে।’
অপরাধীদের শনাক্ত করা গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রক্টর।
এমবি





