খাবার দিতে দেরি হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় খাবারের দোকানে কর্মরত এক কর্মচারীকে মারধর করেছে কাজল মিয়া (ইংরেজী- ৪৪ তম আবর্তন) নামের শাখা ছাত্রলীগের এক কর্মী। শুক্রবার রাত ১০ টার দিকে আব্দুর রাজ্জাকের খাবারের দোকানে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ঐ কর্মচারীর নাম মোঃ রুবেল মিয়া। কাজল বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের বহিস্কৃত নেতা আসিফ আহমেদের অনুসারী বলে জানা গেছে।
মারধরের শিকার রুবেল মিয়া জানান, রাতে মুক্তমঞ্চের অনুষ্ঠান শেষ হওয়ায় অন্যান্য দোকানের মতো আমাদের দোকানেও অনেক ভীড় ছিল। এ সময় বঙ্গবন্ধু হলের এক ছাত্র রুটি ও ডিম ভাজি দিতে বলে। কিন্তু তার আগে অনেকের অর্ডার থাকায় একটু দেরি হচ্ছিল। তখন ওই ছাত্র বকাঝকা শুরু করে। এসময় আমি তাকে বলি যে, দোকানে তাওয়া একটা এবং কারিগর একজন, তাই একটু দেরি হবে। এতে দোকানের মধ্যেই সে আমাকে মারধর শুরু করে। একপর্যায়ে আমাকে টেনেহিচড়ে দোকানের বাইরে নিয়েও মারধর করে।
এ বিষয়ে জানতে কাজলের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
জাবি শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, যতটুকু জানি গতকাল রাতেই বিষয়টি মিটমাট করেছে বঙ্গবন্ধু হলের ছাত্রলীগ নেতারা। এখন আমাদের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। যদি দোষী প্রমাণিত হয় তাহলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
রাইয়ান/জারিফ





