ময়মনসিংহের ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয়ে কলেজে অধ্যয়নরত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে ক্লাজ বর্জন করে সাড়ে তিন ঘণ্টা ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে।

এ সময় শিক্ষার্থীরা কলেজের প্রিন্সিপালের কক্ষেও তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

বুধবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শিক্ষার্থীরা এ বিক্ষোভ ও অবরোধ করে।

বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ থেকে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করে অন্য যেকোনো কলেজে পরীক্ষাকেন্দ্র স্থাপনের দাবিতে অবরোধ চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অছেক বিল্লাহ শামীম, শিক্ষার্থী রিফাত হোসেন, আব্দুল্লাহ, মুসরাত, নিশাদ, রাকিব প্রমুখ।

এসময় তারা অভিযোগ করেন, ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ কলেজের পরীক্ষার্থীরা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিলে ওই কলেজের শিক্ষকরা তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার, শারীরিক নির্যাতন, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই পরীক্ষার খাতা কেড়ে নেওয়া, জামা-কাপড় ছিঁড়ে দেওয়াসহ বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়েছিল।

তাই এসব থেকে মুক্তি পেতে ওই কলেজ থেকে পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়ার জোড় দাবি জানান এবং দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ নাছির উদ্দিন খান বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয় এমপি এক মাস সময় নিয়েছেন। ইতিমধ্যে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এসএইচ