ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এটি অনুষ্ঠিত হবে। এই ইউনিটে প্রথম বর্ষে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তি-ইচ্ছুক আবেদনকারীর সংখ্যা ৪২ হাজার ১৪৭।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ভর্তি পরীক্ষার আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) জানা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, নীলক্ষেত হাইস্কুল, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ইডেন মহিলা কলেজ, আইডিয়াল কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা হবে।
পরীক্ষার হলে মুঠোফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে জালিয়াতি ঠেকাতে পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন।
এমবিএইচ





