ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)‘ঘ’ ইউনিটের অধীনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির পুনঃভর্তি পরীক্ষা আজ (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
আজ (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোট ১৯টি কেন্দ্রে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৬১৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী পুনঃভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এই ধরনের ইলেকট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।
ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
পরীক্ষার নিরাপত্তার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, প্রত্যেকটি কেন্দ্রে মেটাল ডিটেক্টর দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরেই পরীক্ষা হবে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর (শুক্রবার) বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত ৮১টি কেন্দ্রে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষার পূর্বে অনেক ভর্তিচ্ছুর হোয়াটস অ্যাপ, মেসেঞ্জারে সাদা কাগজে উত্তরলেখা সংবলিত প্রশ্ন আসে। এর পরিপ্রেক্ষিতে ২৩ অক্টোবর ডিনস কমিটির এক সভায় ‘ঘ’ ইউনিটের পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
এমবি





