ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বঞ্চিত প্রেমিকেরা। ‘কেউ পাবে কেউ পাবেনা আর হবেনা আর হবেনা’ এমন শ্লোগান দিয়ে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে সকলের জন্য ভালোবাসা নিশ্চিত করার দাবি জানান তারা।
শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকৃত প্রেমিক সংঘ এই কর্মসূচির আয়োজন করেন।
'প্রেম হোক সকলের জন্য' এই দাবিকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি মল চত্বর হয়ে মধুর ক্যান্টিনের সামনে দিয়ে টিএসসি চত্বর ঘুরে অপরাজেয় বাংলার প্রাঙ্গনে বটতলায় এসে শেষ হয়। মিছিল শেষে বঞ্চিত প্রেমিকেরা  সমাবেশ করে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।
বঞ্চিত প্রেমিকেরা বলেন, বিশ্ব ভালোবাসা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে প্রেমের মেলা। কিন্তু দেখা যায় যে বর্তমানে সেই বিষয়টি নিয়ে অনেক বাড়াবাড়ি করা হচ্ছে। যা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে কলুষিত করছে।
তারা বলেন, তথাকথিত অভিজাত ও স্মার্টরা একই সাথে তিন-চার জন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। কিন্তু অন্যদিকে আমাদের মতো প্রেমযোগ্য অনেক শিক্ষার্থী বিধাতার দেয়া মহান প্রেম থেকে বঞ্চিত হচ্ছে।
তারা আরো বলেন, একটি ছেলে গত ভালোবাসা দিবসে যে মেয়েটিকে নিয়ে ঘুরেছে এই দিনে দেখা যায় তাকে অন্যের সাথে। মেয়েদের ক্ষেত্রেও তদ্রুপ। এমনটি আমরা চাই না। আর এজন্যই আমাদের বিক্ষোভ।
[b]ঢাকা, ১৪ ফেব্রুায়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ/এফএ
[/b]