রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ও বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার যৌথ উদ্যোগে গণতান্ত্রিক বাজেট আন্দোলন তরুণ সাংবাদিক সম্মেলন-২০১৪’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে ভবনে সম্মেলনের উদ্ভোধন করা হয়। প্রধান অথিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্ভোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাদেকুল আরেফিন মাতিন, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়েজুল্লাহ্ চৌধুরী, সমন্বয়কারী রাশেদ রিপন প্রমুখ।
রিপোর্টাস ইউনিটের সভাপতি শামীম রাহামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী রমজানের সঞ্চালনা এতে স্বাগত বক্তব্য দেন ইউনিটের উপদেষ্টা সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক সৈকত মুনির।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন বলেন, দেশ ও দেশের সম্পদের মালিক জনগণ হওয়া সত্বেও বাজেট এবং শাসনব্যবস্থায় জনগণের অংশিদারিত্ব না থাকায় গনতান্ত্রিক বাজেট প্রণয়ন করা সম্ভব হয় নি।
তিনি তরুণ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এতে হতাশ হবার কারণ নেই। সাংবাদিকরা যদি শুধু ঘটে যাওয়া ঘটনা বা দুর্নীতি নিয়ে সংবাদ না করে অর্থনীতি বিষয়েও নিউজ করতে হবে।
যেহেতু তথ্য প্রবাহের মাধ্যম হিসেবে সংবাদ মাধ্যমগুলো জনগণের শ্রেষ্ঠ বন্ধু হিসেবে কাজ করে। এতে করে জনগণের সচেতনতা বাড়বে এবং তারা নিজেদের অধিকার আদায় করে নিতে সক্ষম হবে।
তিনি আরো বলেন, অর্থনীতি বিষয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারও দেশের তৃণমূল পর্যায় সম্পর্কে অবগত হবে। এভাবে আস্তে আস্তে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশে কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টি হবে। এতে করে একসময় বাংলাদেশে গণতান্ত্রিক বাজেট প্রণয়ন হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
উদ্ভোধনী অনুষ্ঠানের পর দুপুর সাড়ে ১২টার দিকে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বাজেট বিষয়ক কর্মশালা শুরু হয়।
কর্মশালায় বাজেট বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এন কে নোমান। কর্মশালা শেষে তরুণ সাংবাদিকদের বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশ্নের বিস্তারিত উত্তর দেন।
উল্লেখ্য, এ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, খুলনা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রায় দেড় শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সেমিনার কক্ষে বাজেট ও অর্থনৈতিক রিপোর্টিং বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।
এসএইচ





