রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম (এসএম) হল থেকে শিবির সন্দেহে দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ।

সোমবার রাতে এসএম হলের গেমস রুমে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা নেয়ার সময় তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের নগরীর মতিহার থানায় নিয়ে যাওয়া হয়।

আটককৃতরা হলেন, লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এমদাদুল হক এবং ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাবিবুর রহমান।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, শাহ মখদুম হলের গেমস কক্ষে অবস্থান করা রাবির ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তাদেরকে সোমবার রাত ৯টার দিকে মডেল টেস্ট পরীক্ষা নিতে শুরু করে ইমদাদ ও হাবিব নামের ওই দুই শিক্ষার্থী।

ওই মডেল টেস্টের প্রশ্নপত্রে শিবিরের নাম উল্লেখ না থাকলেও এসএম হল, আব্দুল লতিফ ও আমীর আলী হলের ছাত্রলীগ নেতাকর্মীরা একত্র হয়ে তাদের দুইজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশকে খবর দেয়।

এসময় রাজশাহী মহানগর (পূর্ব জোন) পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলমের নের্তৃত্বে পাঁচ ভ্যান পুলিশ এসে তাদের দুইজনকে রাত ১০টার দিকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, হলে মডেল টেস্ট পরীক্ষা নেয়ার সময় দুই শিক্ষার্থীকে শিবির সন্দেহে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ।

মতিহার থানায় পুলিশের হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

রাবির উপউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে কোনো দলের নেতাকর্মীরা যদি নাশকতামুলক কর্মকাণ্ড করার চেষ্টা করে, তাহলে তাদের যেন ছাড় দেয়া না হয়।

এআর