সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করে ক্যাম্পাসে মিছিল করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রলীগ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন প্রক্টর। আগামী ৫ কার্য দিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রক্টর সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক স্বাক্ষরিত এ শোকজ নোটিশ দেয়া হয়।

শোকজ প্রাপ্তরা হলেন- লোক প্রশাসন বিভাগের আব্দুল কাদির রেদুয়ান, রবিউল আউয়াল রবিন ও ইসতিয়াক আহমেদ হিমন, সমাজ বিজ্ঞান বিভাগের নূরে আলম বাপ্পি, আব্দুল বাতেন, লিংকন ভূইয়া ও রঞ্জু আহমেদ, ইংরেজি বিভাগের আলী হাসান ও সৈয়দ জোয়েম, পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের জাকারিয়া ও মাসুম, এফইটি বিভাগের হাসিব, বাংলা বিভাগের মীর সোহেল এবং পরিসংখ্যান বিভাগের আব্দুল্লাহ আল মাসুম।

এরা সবাই বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ ও সাধারণ সম্পাদক ইমরান খান পক্ষের কর্মী।

ক্যাম্পাসে সব ধরনের সভা-সমামেশ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত মঙ্গলবার ছাত্রলীগের একাংশ ক্যাম্পাসে মিছিল করে।

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর ছাত্রলীগের দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের জরুরি সিন্ডিকেট সভায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

কেএইচ