ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল চত্বরে মহান মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘জয় বাংলা’ স্থাপন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সোমবার হল চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ভাস্কর্য উন্মোচন করেন।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আ ব ম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুনতাসীর মামুন সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন ও হলের প্রভোস্ট, সিনেট-সিন্ডিকেট সদস্য, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘জয় বাংলা’ শীর্ষক ভাস্কর্য উন্মোচনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের একটি সত্য দিক উন্মোচিত হলো। তিনি বলেন, ‘জয় বাংলা’ স্লোগান ধারণ করে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোক আত্মাহুতি দিয়েছিলেন।

যে স্লোগান সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল, তার সঙ্গে নতুন প্রজন্মের যোগসূত্র স্থাপন করতে এই ভাস্কর্য কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, প্রখ্যাত শিল্পী অধ্যাপক মো. হামিদুজ্জামান খান এবং তার সহধর্মিনী আইভি জামান এ ভাস্কর্য নির্মাণ করেছেন।

কেএইচ