দৈনিক মানবকণ্ঠের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিনিধি সোহাইল মিয়ার মাথা থেঁতলে দিয়েছেন দুই ছাত্রলীগকর্মী।

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। গুরুতর আহত সোহাইলকে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তুচ্ছ ঘটনা নিয়ে সোহাইল ও ছাত্রলীগকর্মী আতাউর রহমান ডেভিটের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ডেভিট ও আবু জাফর মিলে ইট দিয়ে সোহাইলের মাথায় এলোপাথাড়ি আঘাত করে। পরে তার বন্ধুরা সোহাইলকে আহত অবস্থায় প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ডেভিটকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, ডেভিটকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত শেষে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এস এম শরিফুল ইসলাম বলেন, এটি খুবই ন্যক্কারজনক ঘটনা। ডেভিডকে ইতিমধ্যে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। তদন্ত করে গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

কেএইচ