যত গর্জন ততই যেন বর্ষণ। শুরু থেকেই ‘অগ্নি-২’ সিনেমা নিয়ে গর্জন যতটা শোনা গিয়েছিল বর্ষণও ঠিক ততটাই হয়েছে। এবার ঈদে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি মুক্তির প্রথম দিনেই দুই কোটি দশ লাখ টাকার ব্যবসা করেছে।

যা এ দেশের বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড। এর আগে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমা প্রথম দিনে এত টাকার ব্যবসা করেনি। শুধু তা-ই নয় , মুক্তির ২য় দিনে সিনেমাটি ঘরে তুলেছে এক কোটি আশি লাখ টাকা। সরিজমিনে প্রদর্শন করে ঈদের তৃতীয় ও চতুর্থ দিনেও সিনেমা হলগুলোতে লক্ষ করা গেছে উপচে পড়া ভিড়।

সব মিলিয়ে ‘অগ্নি-২’ সিনেমাটি ‘অগ্নি’ সিনেমার ব্যবসাকেও টপকে গেছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমউল্লাহ খোকন বলেন,‘অগ্নি-২’ সিনেমার মুক্তির প্রথম দিনের রেকর্ড দেশের বাংলা সিনেমার ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ রেকর্ড। সিনেমাটি সব দিক দিয়েই ‘অগ্নি’ সিনেমাকেও ছাড়িয়ে গেছে।

ঢাকার স্টার সিনেপ্লেক্স, সনি, মধুমিতা এবং ঢাকার বাইরে যশোরের মনিহার, খুলনা, গাজীপুর, চালা, টাঙ্গাইল, শেরপুরসহ বিভিন্ন শহরের হলগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত এখনো দর্শকদের উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইন দেয়ার পর দর্শকদের অনেকেই টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এমনকি অনেক হলে এক-দুদিন আগে থেকে টিকিট বুকিং দিয়ে রেখেছেন দর্শকরা। আমরা এমন অভিযোগও পেয়েছি- ৪০-৫০ টাকার টিকিট ২০০-৩০০ টাকা দিয়ে ক্রয় করে সিনেমা দেখছেন অনেক দর্শক। আর টিকিট ক্রয় নিয়ে এক ধরনের যুদ্ধ শেষে শেষমেশ সিনেমাটি দেখে তৃপ্তি নিয়েই প্রেক্ষাগৃহ থেকে বের হচ্ছেন দর্শক। ‘অগ্নি-২’ সিনেমার পেইজেও অনেক দর্শককে সিনেমাটির প্রশংসা করতে দেখা যাচ্ছে।’

উল্লেখ্য, ইফতেখার চৌধুরী পরিচালিত অ্যাকশন ধাঁচের ‘অগ্নি-২’ সিনেমাতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, ওম, অমিত হাসান, আশীষ বিদ্যার্থী, টাইগার রবি প্রমুখ।

ইআর