সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা “সেরাদের সেরা ২০১৭” এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার) এক প্রেসবার্তায় সসাস জানায় রাজধানীর এক মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

সসাসের নির্বাহী পরিচালক হাসান আতিকের সভাপতিত্বে ও সহকারী নির্বাহী পরিচালক নাসির উদ্দিন আল মামুন এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কবি আল মুজাহিদী। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন- কবি আসাদ বিন হাফিজ, কবি মোশাররফ হোসেন খান, আবৃত্তিকার শরীফ বায়েজীদ মাহমুদ, নাট্যকার শাহ আলম নুর, কবি জাকির আবু জাফর, শিল্পী আবু বকর সিদ্দিক, শিল্পী মশিউর রহমান, সসাসের সাবেক নির্বাহী পরিচালক আলমগীর হোসাইন ও মোস্তফা মনোয়ার প্রমুখ।

৩য় বারের মতো দেশের নবীন শিল্পীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) “সেরাদের সেরা’’ প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে। পর্যায়ক্রমে থানা, জেলা ও বিভাগীয় অডিশনে অংশগ্রহণ করে প্রায় ২০ হাজার প্রতিযোগিকে পেছনে ফেলে সংগীত, আবৃত্তি ও অভিনয়ে ৫১ জন প্রতিযোগী গ্র্যান্ড ফিনালে উত্তীর্ণ হয়।

তিনটি ইভেন্টে ক, খ, ও গ গ্রুপে নিজেদের নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয় করেন সেরা ৯ জন। ১ম ও ২য় রানার আপদের যথাক্রমে রৌপ্যপদক, সার্টিফিকেট, ক্রেস্ট ও বই প্রদান করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয়া বাকীদেরও দেয়া হয় সার্টিফিকেট, ক্রেস্ট ও বই।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানবিক ও আদর্শনিষ্ঠ সমাজ গঠনের জন্য সসাসের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং তা আমাকে আশাবাদী করেছে। আমরা যদি নৈতিকতা সমৃদ্ধ আলোময় সংস্কৃতির দিকে যাত্রা করি তাহলে আলোকিত হবো আর যদি অন্ধকারের বিজাতীয় সংস্কৃতির দিকে ধাবিত হই তাহলে অচিরেই ধ্বংসের মুখে পড়বে আমাদের অস্তিত্ব। তাই আলোময় দেশ গড়তে সুস্থ সংস্কৃতির লালন ও বিকাশে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে।”

সংবাদ উপস্থাপক ও শিল্পী আব্দুর রউফ এর উপস্থাপনায় গ্র্যান্ড ফিনালের সংগীত বিভাগে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- শিল্পী মশিউর রহমান, আবু বকর সিদ্দিক, গোলাম মাওলা ও আমিরুল মোমেনীন মানিক। অভিনয়ের বিচারকার্যে ছিলেন- মুস্তাগিছুর রহমান মুস্তাক, জাকারিয়া হাবিব পাইলট, মাহবুব মুকুল। আবৃত্তিতে ছিলেন- কবি জাকির আবু জাফর, এম. সাইফুল আরেফিন লেলিন ও মুস্তাগিছুর রহমান মুস্তাক।

সভাপতির বক্তব্যে সসাসের নির্বাহী পরিচালক হাসান আতিক অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করার জন্য প্রধান অতিথি, বিশেষ অতিথি’সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।

স্বর্ণপদক প্রাপ্তরা হলেন- সংগীত ‘ক’ গ্রুপে- সিয়াম শাহরিয়ার, পাবনা। সংগীত ‘খ’ গ্রুপে- তরিকুল ইসলাম, দিনাজপুর। সংগীত ‘গ’ গ্রুপে- হা-মীম জাবির মিয়াজী, ঢাকা। অভিনয় ‘ক’ গ্রুপে- পারভেজ হোসেন আকাশ, নোয়াখালী। অভিনয় ‘খ’ গ্রুপে- সাইফুর রহমান দিলু, সিলেট। অভিনয় ‘গ’ গ্রুপে- কামরুল ইসলাম জিসান, চট্টগ্রাম। আবৃত্তি ‘ক’ গ্রুপে- মালিহা আঞ্জুম মীম, নারায়নগঞ্জ। আবৃত্তি ‘খ’ গ্রুপে- হাসান আল আদিব, ময়মনসিংহ। আবৃত্তি ‘গ’ গ্রুপে- তৌহিদুর রহমান।

এমবি