প্রয়াত কণ্ঠশিল্পী ফিরোজা বেগমের নামে প্রবর্তিত সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সোমবার বেলা ৩টায় ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ তুলে দেবেন উপাচার্য মো. আখতারুজ্জামান।
আয়োজক সূত্রে জানা যায়, সম্মাননা হিসেবে রুনা লায়লাকে দেওয়া হবে দুই ভরি সোনার একটি পদক ও এক লাখ টাকা।
পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের বিএ সম্মান পরীক্ষায় এবার সর্বোচ্চ সিজিএ পাওয়া শিক্ষার্থীকে দেওয়া হবে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই স্বর্ণপদক দেওয়া হবে।
নতুন প্রজন্মের সংগীতপ্রেমীদের কাছে কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের আদর্শ ছড়িয়ে দিতে ঢাকা বিশ্বিবদ্যালয়ের তত্ত্বাবধানে ২০১৬ সাল থেকে গঠিত হয় ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’। এর আওতায় প্রতিবছর দেশের একজন বরেণ্য ও অন্যতম শ্রেষ্ঠ সংগীতশিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রথম স্থান অধিকারীকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
এর আগে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ গ্রহণ করেছেন সাবিনা ইয়াসমিন ও রেজওয়ানা চৌধুরী বন্যা।





