সংগীতজ্ঞ, স্বরলিপিকার ও নজরুল গবেষক সুধীন দাশ আর নেই। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।

একুশে পদক পাওয়া এই শিল্পীর বয়স হয়েছিল ৮৭ বছর।

সঙ্গীতশিল্পী সুজিত মোস্তফা সংবাদ মাধ্যমকে বলেন, সুধীন দাশ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিছুদিন ধরে তার হজমে সমস্যা হচ্ছিল। মঙ্গলবার সকালে তাকে অ্যাপেলো হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নিয়ে যান।

পরে রাত ৮টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধীন দাশের জন্ম ১৯৩০ সালে কুমিল্লা শহরের তালপুকুরের বাগিচাগাঁওয়ে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বিএ পরীক্ষার সময় তিনি পুরোপুরি ঝুঁকে পড়েন সংগীতে।

পরে ১৯৪৮ সালে বেতারে নিয়মিতভাবে নজরুল সংগীত গাইতে শুরু করেন সুধীন দাশ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুর পর তিনি মনোনিবেশ করলেন নজরুল সংগীতের শুদ্ধ স্বরলিপি প্রণয়ণে। আদি গ্রামোফোন রেকর্ড থেকে সেই স্বরলিপি উদ্ধারের কাজে তাকে সহায়তা করেন স্ত্রী নীলিমা দাশ।

কেবি