চিত্রনায়ক ফেরদৌসের গল্প ভাবনা নিয়ে আবীর খানের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হল ঈদ বিশেষ নাটক ‘দ্য লাস্ট ট্রেন’। এতে বনলতা চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এর আগেও চিত্রনায়ক ফেরদৌসের গল্প ভাবনা নিয়ে একই পরিচালক পূর্ণিমাকে নিয়ে নাটক নির্মাণ করেছিলেন। এবারের গল্পে ফেরদৌস তার ভাবনায় বনলতা চরিত্রে মেহজাবিনকেই ভেবেছেন।
নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আত্মহত্যাই সব সমস্যার সমাধানের পথ নয়। বরং সমস্যাকে দূর করে নতুন করে নিজেকে আবিষ্কার করার চ্যালেঞ্জই হচ্ছে জীবন। বনলতা ঠিক তেমনই এক জীবন খুঁজে পায়। আর এ নিয়েই নাটকের গল্প।’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘ফেরদৌস ভাইয়ের গল্পে কাজ করেছি। তাই ভালো লাগাটা ছিল একটু অন্যরকম।
বনলতা চরিত্র, নাটকের গল্প, নির্দেশকের সঙ্গে প্রথম কাজ। সবমিলিয়ে বেশ গোছানো একটি ইউনিটের সঙ্গে একটি ভালো কাজ করেছি। আমি কাজটি করে তৃপ্ত। ঈদে আমার অনেক নাটকের মাঝে এই নাটকটিও একটি ভালো কাজ হিসেবে দর্শকদের কাছে প্রশংসিত হবে বলে আমার বিশ্বাস। ঈদের সপ্তম দিন বাংলাভিশনে রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে নাটকটি।





