আবারও বিয়ে করে স্বামীর বাড়ি উঠেছেন মডেল অভিনেত্রী তিন্নি। পাত্রের নাম আদনান হুদা সাদ। তিনি পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন।

বিয়েটা হয়েছিল গোপনে এক বছর আগে। কিন্ত পারিবারিক কারণে সেটি গোপন রাখা হয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন তিন্নি।

এ সম্পর্কে তিন্নি বলেন, ‘সাদের সাথে আমার বিয়েটা হয় একবছর আগে। কিন্ত আমাদের উভয়ের পরিবার থেকেই বিষয়টি নিয়ে আপত্তি করা হয়েছিল। তাই এতোদিন কাউকে জানানো হয়েনি। আজ (বৃহস্পতিবার) আমি আনুষ্ঠানিক ভাবে শ্বশুরের সেন্ট্রাল রোডের বাসায় উঠেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

কিছুদিন আগে সাদের সাথে ঘনিষ্ঠ কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেন তিন্নি। একই সাথে সাদের প্রোফাইলেও দু’জনের ঘনিষ্ঠ ছবি দেখা গেছে। তখনই ধারণা করা হয়েছিল, দুজনের প্রেমের সম্পর্ক চলছে। আবার কেউ কেউ বলেছিলেন, নতুন জীবন শুরু করেছেন তারা। তিন্নির কথায় মূলত এই ধারণাগুলোরই স্পষ্টতা পাওয়া গেল।

অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সাথে বিয়ে বিচ্ছেদের পর পর্দার আড়ালে চলে যান ‘সুন্দরীতমা’খ্যাত এই অভিনেত্রী। এ সময়টাতে মা ও মেয়ে ওয়ারিসার সাথেই ছিলেন তিন্নি। দীর্ঘদিন পর গত মাসে মায়ের প্রযোজনায় একটি নাটকে অভিনয়ও করেন তিন্নি।

এসএইচ