চলচ্চিত্র জগতকে বিদায় জানানো আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপি সুন্নত তরিকায় বিয়ে করেছেন। রাজধানীর রূপনগরে নিজ বাসায় গত ১৭ অক্টোবর (সোমবার) রাত ৯টার দিকে পারিবারিকভাবে বিয়ে হয় হ্যাপির।

জানা গেছে, হ্যাপির বর মিরপুরের এক মাদ্রাসার শিক্ষক। বিয়ের সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কাবিনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ খবর নিশ্চিত করেছেন হ্যাপির পার্শ্ববর্তী বাসার এক বাসিন্দা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাসিন্দা জানান, হ্যাপি বিয়ে করেছেন। তিনি প্রতিবেশীদের বাসায় বিয়ের মিষ্টি পাঠিয়েছেন।

এ বিষয়ে হ্যাপির ছোট বোন শারমিন পপি বলেন, আপুর সুন্নত তরিকায় বিয়ে হয়েছে। তবে তিনি বরের পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন।

অবশ্য গত মে মাসের দিকে ফেসবুক স্ট্যাটাসে নিজের বিয়ের ঘোষণা দিয়েছিলেন হ্যাপি।

এর আগে ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে হ্যাপির প্রেমের সম্পর্ক নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয় ২০১৪ সালের শেষের দিকে। এমনকি রুবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা পর্যন্ত করেছিলেন হ্যাপি। এর ফলে সাময়িকভাবে বরখাস্তও করা হয় রুবেলকে। কিন্তু শেষ পর্যন্ত সেই মামলা টেকেনি। প্রমাণিত হয়নি ধর্ষণের বিষয়টিও। পরবর্তীতে জাতীয় দলে ফেরেন রুবেল।

এদিকে গত বছরের মাঝামাঝি সময় থেকে নিজেকে একদমই বদলে ফেলেন হ্যাপি। মিডিয়াকে একেবারে বিদায় জানান এই নায়িকা। সে সময় থেকে ধর্মচর্চা শুরু করেন। কোরআন শরিফ শেখার পাশাপাশি কওমী মাদ্রায় ভর্তি হন তিনি। এমনকি ফেসবুক থেকে নিজের আগের সব ছবি মুছে ফেলেন আলোচিত এ নায়িকা।

এআই