বিয়ে করলেন র্যাম্প মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি। বিয়ে নিয়ে মডেল ও অভিনেত্রীরা লুকোচুরি করলেও সবাইকে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করলেন এই তারকা। ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ক্লাবে তার বিয়েতে বেশকিছু তারকাদের উপস্থিতি চোখে পড়ে।
রুহির বর ব্রিটিশপ্রবাসী বাংলাদেশি পরিচালক মনসুর আলী। একাত্তরের সংগ্রাম সিনেমায় অভিনয়ের সুবাদে পরিচালক মনসুর আলীর সঙ্গে রুহির বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরপর দু’জনের মধ্যে প্রেম, অতঃপর বিয়ের সিদ্ধান্ত নিলেন তারা।
রুহি জানান, ‘মনসুর আলী আমার অনেক ভালো বন্ধু। দীর্ঘদিন একসঙ্গে পথ চলতে গিয়ে মনে হয়েছে আমার জন্য উপযুক্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
৪ সেপ্টেম্বর উত্তরা ক্লাবে গায়ে হলুদ ও ৫ সেপ্টেম্বর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ের দিন-ক্ষণ ঠিক হয়। বিয়েতে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক, অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া, উপস্থাপিকা ফারহানা নিশো, মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পাসহ মিডিয়ার অনেককেই দেখা যায়।
রুহি সম্প্রতি কলকাতায় শেষ করেছেন মহুয়া চক্রবর্তীর ‘গ্লামার’সিনেমার কাজ। বিয়ে ব্যস্ততার কারণে আপাতত বিরতিতে থাকবেন এ অভিনেত্রী। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষেই মনসুর আলীর নতুন সিনেমায় কাজ শুরু করবেন বলে জানা গেছে।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





