না, এটা পাত্র দেখে নয়। খাবার দেখে বলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবির কাজে তিনি এখন লন্ডনে অবস্থান করছেন। আর সেখানে সিলেটি পরিবারের আতিথেয়তা ও খাবারে মুগ্ধ হয়ে এমন মন্তব্য তার। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “বিয়ে করলে সিলেট আর নইলে পুরান ঢাকায়। ইট’স ফাইনাল।”
পরে মাহি জানান, “বাংলাদেশের এ দুই এলাকার মানুষেরা বেশ ভোজনরসিক। তাদের আন্তরিকতারও সীমা নেই। সেজন্য লেখাটা পোস্ট করেছি।”
তিনি আরও বলেন, “ কলকাতার নতুন এ ছবিতে কাজ করার প্রস্তাব পেয়ে আমি দারুণ খুশি। এর আগে ইউরোপ গিয়েছি। কিন্তু লন্ডনে কোনও দিন যাওয়া হয়নি। ছবির কারণে তাই লন্ডন ভ্রমণও হয়ে গেল।”
‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবিতে মাহির বিপরীতে আছেন কলকাতার অঙ্কুশ। পরিচালনা করছেন অশোক পাতি। ছবিটিতে গান থাকবে পাঁচটি। গানের সুর ও সংগীত করছেন কলকাতার প্রীতম ও বাংলাদেশের ইমন সাহা।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





