হ্যারি পটার সিরিজে ওয়্যারউলফ চরিত্রের অভিনেতা ডেভিড লিজেনোর রহস্যজনক মৃত্যু ঘটেছে। ৫০ বছর বয়স হয়েছিল তার। ক্যালিফোর্নিয়ার বুনো পাহাড়ি অঞ্চল ডেথ ভ্যালিতে তার মৃতদেহটি পাওয়া যায়। এ মাসের ছয় তারিখে দুই অভিযাত্রী তার দেহটি খুঁজে পায়।

ধারণা করা হচ্ছে, এই পার্বত্য অঞ্চলে রোমাঞ্চকর অভিযান করতে গিয়েই তিনি দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন। তার দেহটি হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়েছে বলে জানায় হলিউড নিউজ।

ইনইয়ো কাউন্টি শেরিফের ডিসপ্যাচ বিভাগ জুলাইয়ের ৬ তারিখে একটি নোটিফিকেশন পায় সকাল ৭টার দিকে। দুই অভিযাত্রী ওই মৃতদেহকে খুঁজে পেয়ে ডিসপ্যাচে খবর পাঠান। এই ব্রিটিশ অভিনেতা সম্ভবত অতিরিক্ত তাপমাত্রাজনিত কারণে মারা গেছেন। তবে কাউন্টি করোনার মৃত্যুর কারণ নিশ্চিত করবে বলে জানানো হয় এক বিবৃতিতে। আর বলা হয় যে, কোনো আক্রমণ বা খুনের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

এই অভিনেতা এর আগে 'স্ন্যাচ' এবং 'ব্যাটম্যান বিগিনস' ছবিতে অভিনয় করেছেন। ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে একমাত্র মেয়েকে নিয়ে থাকতেন তিনি। তিনি একজন সাবেক মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) ফাইটার।

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই