বাংলা চলচ্চিত্রের তারকারা বছরের প্রায় সময়গুলো ব্যস্ত সময় পার করেন। তবে ঈদের দিনে উদযাপন ছাড়া বাড়তি কাজ থাকে না তাদের। আড্ডা ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময়ে কাটে দিনটি।
সাধারণ মানুষও প্রিয় তারকাদের খোঁজ রাখাকে ঈদ বিনোদনের অংশ হিসেবই মনে করেন। তাদের ঈদ উদযাপনের খবর জানাতে এ আয়োজন-
নায়ক রাজ রাজ্জাক : দীর্ঘদিন ধরে নায়ক রাজ শারিরীক নানা জটিলতায় ভুগলেও ঈদের দিন ছেলের হাত ধরে হাঁটতে বেরিয়েছেন, জানালেন ছোট ছেলে সম্রাট।
এ চলচ্চিত্র তারকা আরও জানান, বিশেষ এ দিনে বাবার শারিরীক অবস্থার উন্নতি ঈদ আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে।
ওমর সানী-মৌসুমী : জনপ্রিয় তারকা জুটি ওমর সানী ও মৌসুমী কাতারে ঈদ উদযাপন করছেন। সেখানে প্রবাসী বাঙালীদের এক অনুষ্ঠানে যোগ দিতে আরও গিয়েছিলেন কুমার বিশ্বজিৎ ও এসআই টুটুল। উদযাপন শেষে ফেরার অপেক্ষায় আছেন বলে জানালেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।
শাকিব খান-অপু বিশ্বাস : দেশের সবচেয়ে জনপ্রিয় তারকা জুটি শাকিব ও অপু বিশ্বাস ঢাকায় ঈদ করছেন। ঈদে তাদের ‘লাভ ম্যারেজ’ নামের চলচ্চিত্র মুক্তি পেয়েছে।
পরিবার ভক্তানুরাগীদের সঙ্গে কুশল বিনিময় করার পাশাপাশি চলচ্চিত্রটির খোঁজ-খবর নিচ্ছেন বলে পৃথক পৃথকভাবে জানিয়েছেন শাকিব খান ও অপু বিশ্বাস।
অনন্ত-বর্ষা : তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষার নতুন চলচ্চিত্র মুক্তি না পেলেও এবারের ঈদ একটু অন্যরকম।
সন্তান আরিজের আগমন এ বাড়তি আনন্দের কারণ বলে জানালেন অনন্ত। আরিজ ও আত্মীয়দের সঙ্গেই সারাদিন কাটাবেন তারা।
মাহি : আলোচিত নায়িকা মাহির ‘অগ্নি ২’ মুক্তি পেয়েছে। সে কারণে হলে হলে ঘুরেই তার সারাদিন কাটছে।
পরী মনি : সারাদিন বাসাতেই কাটবে পরী মনির। সন্ধ্যায় ফাঁকা ঢাকায় বন্ধুদের নিয়ে ঘুরতে যাবেন।
ইমন : এবারের ঈদ ইমনের জন্য অন্যরকম। ৬ বছর পর ঈদে তার চলচ্চিত্র মুক্তি পেয়েছে। যে কারণে বেশ উত্তেজনা অনুভব করছেন। সকাল থেকেই আত্মীয়-স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করছেন, বিকেলে কোনো একটি হলে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখবেন।
এমকে





