বিয়ে করলেন কণ্ঠশিল্পী শেখ নীলিমা শশী। বর তানভীর মাসুদের গ্রামের বাড়ি কুমিল্লা, পেশায় স্থপতি।
শনিবার রাজধানীর ধানমন্ডিস্থ একটি রেস্তোরায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বর ও কনের পরিবারের সদস্যদের পাশাপাশি অংশ নেন সংগীতাঙ্গনের তারকারা। এদের মধ্যে ছিলেন আসিফ আকবর, কোনাল, নওরীন, নিশিতা বড়ুয়া, লিজা, সাব্বির জামান, ইলিয়াস হোসাইন, গীতিকার রবিউল ইসলাম জীবন প্রমুখ। আরও ছিলেন অভিনেত্রী শারমিন শিলা ও মডেল নন্দিতা। শিল্পী ও সংগীত পরিচালক জুয়েল মোর্শেদকে পরিবারের সবাইকে নিয়ে অংশ নেন। ফেসবুকে তিনি একাধিক সেলফি প্রকাশ করেন।
অনুষ্ঠানে খালি গলায় সম্মিলিতভাবে গান পরিবেশন করেন আসিফ, জুয়েল, সাব্বির ও ইলিয়াস।
শশী পরিচিতি পান ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ’প্রতিযোগিতার মাধ্যমে। এরই মধ্যে বেশ কিছু অ্যালবাম বেরিয়েছে তার। প্রথম একক অ্যালবাম ‘শহরজুড়ে শশীর গান’প্রশংসিত হয়। কিছুদির আগে আসিফের সঙ্গে ‘বেদনার আলপিন’নামে তার একটি দ্বৈত অ্যালবাম প্রকাশিত হয়।
সম্প্রতি শশীর ‘ইচ্ছে হলেই’গানটি মিউজিক ভিডিওর কল্যাণে শ্রোতাদের মুখে মুখে ফিরছে।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





