কহে বীরাঙ্গনার ৫০তম প্রদর্শনী উপলক্ষে চার মেধাবী নারী নাট্যশিল্পীকে সম্মাননা জানাবে মনিপুরী থিয়েটার।
১৩ জুন শনিবার শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে এ চার নারী নাট্যশিল্পীকে সম্মননা স্মারক হিসেবে পরিয়ে দেয়া হবে মণিপুরি উত্তরীয়।
চার মেধাবী নারী নাট্যশিল্পী হলেন- তমালিকা কর্মকার, রোজী সিদ্দিকী, ত্রপা মজুমদার ও সামিনা লুৎফা নিত্রা
মণিপুরি থিয়েটারের সভাপতি শুভাশিস সিনহা বলেন, ‘নাটকটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমাদের আরো কিছু বিশেষ পরিকল্পনা রয়েছে। সম্মাননা জানানোর পর প্রদর্শিত হবে এ নাটকটি। এ সময় অনেক গুণী নাট্যজন উপস্থিত থাকবেন।’
কহে বীরাঙ্গনা নাটকটি নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। মনিপুরী থিয়েটারের ২৭তম প্রযোজনা এটি।
গত চার বছর ধরে নাটকটি মঞ্চস্থ হয়ে আসছে নাটকটি। শুধু দেশেই নয় ভারতের আসাম, ত্রিপুরা আর কলকাতার দর্শকও নিজেদের মঞ্চে উপভোগ করেছে এ নাটক।
মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ থেকে মহাভারতের ৪ নারীর স্বগত সংলাপ অবলম্বনে রচিত নাটকটির চারটি পর্ব রয়েছে। প্রথমটি দুষ্মন্তের প্রতি শকুন্তলা, অর্জুনের প্রতি দ্রৌপদী, জয়দ্রথের প্রতি দুঃশলা ও নীলধ্বজের প্রতি জনা।
বাংলা ভাষা ও মণিপুরি আঙ্গিকের সমন্বয়ে ১ ঘণ্টার এ নাটকে চার নারীর চরিত্রে একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
ভাবমুদ্রা রূপায়ণে আছেন সুনন্দা সিনহা, শুক্লা সিনহা, মিতালী সিনহা ও ভাগ্যলক্ষ্মী সিনহা। সংগীতে শর্মিলা সিনহা, বাদ্যে বিধানচন্দ্র সিংহ ও উজ্জ্বল সিংহ।
এমকে





