বিশিষ্ট সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ মারা গেছেন। রোববার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫১ বছর।
রোববার (২৯ ডিসেম্বর) রাতে বারডেম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সঙ্গীত পরিচালক অমিত কর। তিনি বলেন, রোববার সন্ধ্যার পর দাদার (বাসুদেব) বেশ শ্বাসকষ্ট হচ্ছিল। অস্বাভাবিক অসুস্থতাবোধ করতে থাকেন।
এরপর তাকে রাজধানীর মগবাজারের আবির জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর দেখে সেখান থেকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পরই তিনি স্ট্রোক করেন। এরপর রাত আনুমানিক ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অমিত আরও জানান, রাতেই বাসুদেব ঘোষের মরদেহ তার জন্মস্থান চট্রগ্রামের বোয়ালখালীর কানুনগো পাড়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই হবে তার শেষকৃত্য। এর আগে শেষ বিদায়ের জন্য নেওয়া হবে তার মগবাজারের বাসায়।
সুরকার বাসুদেব ঘোষ ১৯৯৫ সাল থেকে কাজ করে আসছিলেন। তার সুরে অন্যতম গানের মধ্যে রয়েছে- ‘তোমার ওই মনটাকে একটা ধুলোমাখা পথ করে দাও’, ‘তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও’, ‘আমি খুঁজে বেড়াই আমার মা’, ‘এই করে কেটে গেল ১২টি বছর’, ‘দেহ মাদল’।
২০১১ সাল থেকে তিনি অনেকটা নিভৃতে নিজ উদ্যোগে কাজ করছিলেন ইতিহাসের সবচেয়ে বড় দেশাত্মবোধক গানের অ্যালবাম নিয়ে।
এক হাজার দেশের গান নিয়ে সাজানো এই অ্যালবামে নাম রেখেছিলেন ‘সূর্যালোকে শাণিত প্রাণের গান’। যাতে এর মধ্যে কণ্ঠ দিয়েছেন শতাধিক শিল্পী। গান রেকর্ড করেছেন প্রায় আড়াইশটি।
এএস





