ঢাকায় মুক্তি পাচ্ছে হলিউড ব্লকবাস্টার ছবি ম্যালেফিসেন্ট ও এজ অব টুমোরো। এবারের ঈদুল ফিতরের বিশেষ আকর্ষণ হিসেবে স্টার সিনেপ্লেক্স দর্শকদের জন্য নিয়ে আসছে এ ছবি দুটি।
সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী সাড়া জাগানো ছবি দুটি ঈদের দিন থেকে চলবে স্টার সিনেপ্লেক্সে। পরিচালক রবার্ট স্ট্রমবার্গ নির্মাণ করেছেন ম্যালেফিসেন্ট ছবিটি। গত ৩০শে মে মুক্তি পাওয়া এ ছবিতে অস্কার জয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি হাজির হন ম্যালেফিসেন্টের ভূমিকায়। মুক্তির পরপরই হলিউড টপচার্টের শীর্ষে জায়গা করে নেয়া ১৮০ মিলিয়ন বাজেটের ছবিটি এযাবৎ আয় করেছে ৬৩০ মিলিয়ন ডলারের বেশি।
এদিকে টম ক্রুজ সম্প্রতি পর্দায় হাজির হয়েছেন নতুন ছবি নিয়ে। এবারের ছবির নাম এজ অব টুমোরো। এ ছবিতে টম ক্রুজ ছবিটিতে সেনাবাহিনীর একজন কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। অ্যাকশনধর্মী সায়েন্সফিকশন এ ছবিটি মুক্তি পেয়েছে গত ৬ই জুন। মুক্তির পরের সপ্তাহেই ছবিটি আধিপত্য বিস্তার করে বক্স অফিসে। টানা তিন সপ্তাহ হলিউড টপচার্টের শীর্ষ পাঁচে অবস্থান ছিল ছবিটির। ১৭৮ মিলিয়ন বাজেটের ছবিটি এযাবৎ ঘরে তুলেছে প্রায় ৩৩৯ মিলিয়ন ডলার।
ডাগ লিম্যানের পরিচালনায় জাপানি লেখক হিরোশি সাকুরাজাকার অল ইউ নিড ইজ কিল উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবিটি প্রযোজনা করেছে ওয়ার্নার ব্রস ও ভিলেজ রোডশো।
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





