চিত্র নায়িকা মাহিয়া মাহি বর্তমানে সিলেটে শ্বশুর বাড়িতে রয়েছেন। বিয়ের পর শুটিং থেকে বিরতি নিয়েছিলেন এই চিত্রনায়িকা। তবে মাঝে বিরতিটা বেশি নেয়ার কথা থাকলেও অভিনয় থেকে দূরে থাকতে পারছেন না এই অভিনেত্রী।
তার নতুন ছবি ‘হারজিৎ’-এর শুটিংয়ের জন্য ১৮ই আগস্ট অভিনয়ে ফিরছেন তিনি। এটি মানবজমিনকে নিশ্চিত করেছেন ছবির পরিচালক বদিউল আলম খোকন। তিনি বলেন, ১৭ই আগস্ট থেকে এফডিসিসহ ঢাকার বিভিন্ন জায়গায় এ ছবির কাজ শুরু করতে যাচ্ছি। এ ছবির কাজ আরো আগে শুরু করার কথা ছিল। তবে এখন আর দেরি করতে চাই না।
মাহি ১৮ই আগস্ট থেকে এ ছবির কাজ শুরু করবেন। উল্লেখ্য, গত ২৫শে মে বিয়ে করেন এই প্রজন্মের জনপ্রিয় নায়িকা মাহি। ‘হারজিৎ’ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সজল। এর আগে সজল ‘রানআউট’ নামে একটি ছবিতে অভিনয় করেন। এবার মাহির সঙ্গে শুরু হচ্ছে তার বড় পর্দার নতুন রসায়ন।
এমবিএইচ





