ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। আজ সোমবার দুপুরে ঊর্মিলার বোন অদিতি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
লাক্স তারকা ঊর্মিলা শ্রাবন্তী কর। অভিনয় দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। শিল্পী সংঘের একজন নেত্রী হিসেবেও পরিচিতি রয়েছে তার।
সময়ের চাহিদায় নাটক-টেলিছবিতে নিয়মিত দেখা দেন। সম্প্রতি কোরবানির ঈদ উপলক্ষেও বেশকিছু নাটকে দেখা গেছে তাকে। সবমিলিয়ে সময়টা বেশ ভালোই যাওয়ার কথা এই তারকার।
গত শনিবার রাতে রক্তচাপ ও জ্বরের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।পরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু ভাইরাস পাওয়া যায়। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
অদিতি বলেন, ঊর্মিলার উচ্চ রক্তচাপজনিত সমস্যা ও জ্বরের কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরীক্ষার পর চিকিৎসকরা ডেঙ্গুজ্বর বলে সনাক্ত করেছেন।
চিকিৎসকরা ঊর্মিলাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার আবারও তার রক্সের প্লাটিলেট পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।
২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে কাজ শুরু করেন ঊর্মিলা শ্রাবন্তী কর। দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।
ঊর্মিলা জানান, অসুস্থতার কারণে দুটি বিজ্ঞাপনের কাজ হাতছাড়া হলো। সানফ্লাওয়ার তেল ও তাজার দুটি বিজ্ঞাপনের শিডিউল দেয়া ছিল এই লাক্স সুন্দরীর।
এএস





