মোবাইল ফোনের একটি বিস্ময়কর অ্যাপস তৈরি করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাহাদি। এই অ্যাপসের কল্যাণে কেউ ফোনে মিথ্যে কথা বললেই লাল বাতি জ্বালিয়ে সংকেত দিবে। আর সত্য কথায় সবুজ বাতি। অ্যাপসটি দ্রুত দেশ জুড়ে ছড়িয়ে পড়লে শুরু হয় লঙ্কাকাণ্ড।

কেমন সে কাণ্ড? মিথ্যেবাদী স্বামী তার স্ত্রীর কাছে ধরা পড়ে। আর স্ত্রী স্বামীর কাছে। অবাধ্য সন্তান বাবা-মায়ের কাছে। প্রেমিক-প্রেমিকার কাছে। এমন কী রাজনৈতিক নেতাদের মিথ্যে প্রতিশ্রুতিও সাধারণ জনগণের কাছে ধরা পড়ে। প্রশ্নবিদ্ধ হয় সেবামুলক সব পেশা। এর ফলে পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র ভাঙনের মুখে পড়ে যায়। এর প্রভাব পড়ে মাহাদির নিজের সংসারেও।

এমন গল্পের নাটক ‘অ্যাপস’ রচনা ও চিত্রনাট্য করেছেন সোহেল পারভেজ সামসি, পরিচালনা করেছেন ইসমে আজম স্বপন। অভিনয় করেছেন ইরেশ যাকের, কল্যাণ, অহনা, মুনমুন আহমেদ, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ।
নাটকটি জিটিভিতে আজ রাত ১১টায় প্রচার হবে।