বলিউডে এখন রীতিমতো বিয়ের মৌসুম। বিয়ে করেছেন শহিদ কাপুর। বড় বড় তারকাদের বিয়ের খবরে সরগরম বলিউডপাড়া। এমন একসময়েই বিয়ের ঘোষণা হলো আরেক অভিনেত্রীর। ‘গজিনী’, ‘রেডি’, ও ‘হাউসফুল’তারকা অসিন বিয়ে করছেন শিগগিরই।

পাত্র হচ্ছেন মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মা। দিন-তারিখ এখনো চূড়ান্ত না হলেও শুভক্ষণের খুব বেশি দেরি নেই।

বিয়ের ব্যাপারে সামান্য আন্দাজ করা যাচ্ছিল বেশ আগে থেকেই। কারণ, অনেকদিন ধরেই কাজ থেকে দূরে ছিলেন তিনি। তবে ‘অল ইয়েজ ওয়েল’ছবিতে কিছুদিন পরই দেখা যাবে এই তারকাকে। বিপরীতে দেখা যাবে অভিষেক বচ্চনকে। তবে এই ছবির কাজ বহু আগেই শেষ করেছেন তিনি।

বোম্বে টাইমসকে তিনি বলেছেন, ‘আমি আপাতত কোনো কাজে সাইন করছি না। কাউকে কোনো কাজের জন্য কথাও দিচ্ছি না, কারণ আমি ব্যক্তিগত জীবনে বেশি মনোযোগ দিতে চাই।’

রাহুল শর্মার সঙ্গে অসিনের পরিচয় ঘটিয়ে দিয়েছেন বলিউডের আরেক বড় তারকা অক্ষয় কুমার। রাহুল নাকি তার বেশ ভালো বন্ধু। সেই পরিচয় এখন পরিণয়ে গড়াচ্ছে। ‘খিলাড়ি’কুমারের ঘটকালীর খবরটি জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

অসিন থোত্তুকমলের বলিউডে আসা দক্ষিণী ছবি থেকে। বলিউডে বেছে বেছে কিছু ছবি করলেও দক্ষিণে অজস্র ছবিতে অভিনয় করেছেন তিনি। সব হিসাব ঠিক থাকলে লম্বা সময়ের জন্য ‘অল ইজ ওয়েল’হতে যাচ্ছে তার ‘শেষ’ছবি। অভিষেক বচ্চন ছাড়াও এ ছবিতে আরো অভিনয় করেছেন ঋষি কাপুর, সুপ্রিয়া পাঠক ও স্মৃতি ইরানি।

ইআর