দেশের বিশিষ্ট চার সাংবাদিক। এ চার জনকে দর্শকরা বরাবরই দেখে থাকেন টিভির পর্দায়। চলমান রাজনৈতিক পরিস্থিতি, ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন তাঁরা। তবে এবারই প্রথম বিশিষ্ট এ চার সাংবাদিক কোনো বিনোদনমুলক অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণ করলেন। সঙ্গে রয়েছেন তাদের স্ত্রীরাও।
জিটিভির ‘আজকের অনন্যা’র এবারের পর্ব সাজানো হয়েছে বেশ ব্যাতিক্রমী আঙ্গিকে।
এই চার সাংবাদিক এবং তাদের স্ত্রীরা হলেন নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ ও তার স্ত্রী হাসনা রিয়াজ, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং তার স্ত্রী ও মানবজমিনের সম্পাদক মাহবুবা চৌধুরী, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াছমিন।
অনুষ্ঠানে এই চার সাংবাদিক দম্পতি নিজেদের তারুণ্যে ফিরে গিয়েছেন। নিজেদেরকে মেলে ধরেছেন আপন আলোয়। গেয়েছেন, নেচেছেন, খেলেছেন মজার মজার সব খেলা।
জিটিভিতে প্রতি শুক্রবার প্রচার হচ্ছে প্রতিযোগিতা মূলক গেম শো ‘আজকের অনন্যা’। নারীদের নিয়ে এই শোতে মাঝে মাঝেই চলে আসে ভিন্নতার ছোঁয়া। এবারের পর্বে রয়েছে ব্যাতিক্রম এবং চমক।
তানিয়া আহমেদের উপস্থাপনায় ও উষ্ণীষ চক্রবর্তীর প্রযোজনায় অনুষ্ঠানটি শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]