‘আর নয় হিরোশিমা, আর নয় নাগাসাকি, নয় কোনো গাজা’- এ স্লোগান নিয়ে গাজায় হতাহত শিশুদের প্রতি উৎসর্গ করে স্বপ্নদলের নাটক ‘ত্রিংশ শতাব্দী’-র বিশেষ মঞ্চায়ন হবে বুধবার। নাট্যসংগঠন স্বপ্নদল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চায়িত হওয়ার কথা রয়েছে।

স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন জানান, স্বপ্নদল ২০০২ সাল থেকে শান্তির স্বপক্ষে ও যুদ্ধের বিরোধীতায় প্রচারণার উদ্দেশে ‘হিরোশিমা দিবস’ পালন করে আসছে। ২০১১ থেকে এ আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পাশাপাশি দিবসটি পালনে সহযোগিতা করছে জাপান-বাংলা পিস ফাউন্ডেশন ও জাপান দূতাবাস।

হিরোশিমা-নাগাসাকিতে মার্কিন পারমাণবিক বোমা হামলার ৬৯ বছর পূর্ণ হওয়ায় আয়োজিত ‘হিরোশিমা দিবস-২০১৪’-এর অনুষ্ঠানমালা শুরু হবে বিকাল ৫টায়। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে হিরোশিমা-নাগাসাকি-গাজাভিত্তিক যুদ্ধবিরোধী পোস্টার, আলোকচিত্র প্রদশর্নীর সঙ্গে চলচ্চিত্র প্রদশর্নীও থাকছে।

সন্ধ্যা ৭টায় শিশুদের জন্য প্রার্থনার পর যুদ্ধবিরোধী আলোচনায় অংশ নেবেন শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ, জাপান ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ খোরশেদ আলম, জাপান দূতাবাসের গণসংযোগ ও সাংস্কৃতিক বিভাগের প্রধান রিওজি সুগে।

আলোচনা সভার পরই শুরু হবে নাটক ‘ত্রিংশ শতাব্দী’। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে হিরোশিমা-নাগাসাকির বিয়োগান্তক ঘটনানির্ভর স্বপ্নদলের প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এটি ‘ত্রিংশ শতাব্দী’র ৬৫তম মঞ্চায়ন।

‘ত্রিংশ শতাব্দী’ নাটকটি নিয়ে জাহিদ রিপন বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা-নাগাসাকিতে বোমা বিস্ফোরণের বিষাদময় পরিণতি নিয়ে আবর্তিত হয়েছে ‘ত্রিংশ শতাব্দী’র কাহিনি। এ প্রযোজনায় নানাবিধ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের মাধ্যমে স্থানিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধবাজ-যুদ্ধাপরাধীদের স্বরূপ এবং তাদের কর্মের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বিভৎসতার চিত্র উদ্ঘাটিত হয়েছে।”

‘ত্রিংশ শতাব্দী’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন হাসান রেজাউল, মাধূরী বেপারী সুমি, ফজলে রাব্বী সুকর্ন, আমজাদ শরীফ, সামাদ ভূঞা, শিশির সিকদার, জেবুন নেসা আলো, সাইফুন্নেসা জেবু, মোস্তাফিজুর রহমান, জাহিদ রিপন প্রমুখ।

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই