আজ মঙ্গলবার দুপুর ১২টায় নায়করাজ রাজ্জাকের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। এর আগে শ্রদ্ধা ও জানাজার জন্য সকাল ১০টায় রাজধানীর এফডিসিতে তার মরদেহ নেওয়া হবে। পরে গুলশান আজাদ মসজিদে জানাজার পর বনানীতে তার দাফন সম্পন্ন হবে।
তবে মরদেহ এফডিসিতে নেয়া হলেও সেখানে প্রবেশ সবার জন্য উন্মুক্ত থাকবে না। শহীদ মিনারে সর্বস্তরের মানুষ মি. রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন।
সোমবার রাতে পরিবারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রাজ্জাকের বড় ছেলে বাপ্পারাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যায় ইউনাইটেড হাসপাতালে রাজ্জাকের ছোট ছেলে সম্রাট জানিয়েছিলেন, কানাডা থেকে মেজ ভাই বাপ্পীর আসতে পারার ওপর নির্ভর করছে তার বাবার দাফন ও শ্রদ্ধা নিবেদনের বিষয়। এরপর রাতে সম্রাট সাংবাদিকদের জানান, বাপ্পীর দেশে পৌঁছাতে বৃহস্পতিবার কিংবা শুক্রবার হয়ে যাবে। তাই তারা আর অপেক্ষা না করে মঙ্গলবারই দাফনের সিদ্ধান্ত নিয়েছেন।
কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাক সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশের সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।
এএইচ





