সহিংসতার বিরুদ্ধে সংগীতশিল্পীদের অবস্থান নতুন নয়। এবার ইসরায়েলের নিন্দায় মুখর হলেন মার্কিন গ্রাঞ্জ রক ব্যান্ড পার্ল জ্যামের ভোকাল এডি ভেডার।
১১ জুলাই ইংল্যান্ডের মিল্টন কেনেস ন্যাশনাল বোল- এ কনসার্টে গাজায় ইসরায়েলী হামলার তীব্র সমালোচনা করেন তিনি।

কনসার্টে পার্ল জ্যাম তাদের দশটি স্টুডিও অ্যালবাম থেকে ৩৫টি গানের দুইটি সেট পারফর্ম করে। ‘ডটার’ গানটি গাওয়া শেষে হাঁটু গেড়ে বসে সব যুদ্ধের অবসান ঘটানো আকুতি জানান ভেডার। সেই সঙ্গে গাজায় ইসরায়েলী সহিংসতার নিন্দা জানান।

ভেডার বলেন, “এসব কি হচ্ছে? এসবের মানে কি? মানুষগুলো চাইলেই শান্তিতে জীবনযাপন করতে পারতো। আমাদের উন্নত প্রযুক্তি আছে, এখন খুব সহজেই বন্ধুদের কাছাকাছি থাকা সম্ভব। সবকিছুই আমাদের হাতের মুঠোয় আছে। যেখানে একদিকে ভালো কিছু ঘটছে, ঠিক তার উলটো দিকেই চলছে সংঘাত। খুব বেশি দূরেও নয়। একের পর এক বোমা ছুঁড়ে কেড়ে নেওয়া হচ্ছে নিষ্পাপ মানুষের প্রাণ”।

এটুকু বলেই থামেননি ভেডার। ইসরায়েলীদের উদ্দেশে ক্ষিপ্ত গলায় তিনি বলেন, “ঈশ্বরের নামে বলছি, এখনও অনেক মানুষ আছে যারা অন্য মানুষকে মেরে ফেলার সামান্য ছুঁতো খুঁজে বেড়াচ্ছে। যে জায়গা তাদের নিজেদের নয়, সেটা কেড়ে নেয়ার জন্য তারা দেশের সীমানা পেরিয়ে সেখানে যাচ্ছে। তাদের উচিত সেখান থেকে বেরিয়ে যাওয়া এবং নিজেদের চরকায় তেল দেওয়া!”

সংঘাত বন্ধের কথা বলে ভেডার তার বক্তব্যের সমাপ্তি টানেন। “আমরা সবাই সমান। তাহলে কেন তারা যুদ্ধে যাচ্ছে? বন্ধ কর এই সংঘাত! এবং এখনই! মানুষ হত্যার জন্য আমরা তাদেরকে টাকা দিতে চাই না। তারা পারে না আমাদের দেওয়া করের টাকা দিয়ে শিশুদের ওপর বোমা ফেলতে!”

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই