যা কিছু প্রিয়, তা নিয়েই নতুন বছর শুরু করতে চান সবাই। তাই তো প্রিয় মানুষ, প্রিয় স্থান কিংবা প্রিয় খাবার দিয়েই নতুন বছরকে বরণ করে নিতে মুখিয়ে থাকেন অনেকেই।
ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এখন ওপার বাংলাতেও বেশ জনপ্রিয়। অভিনয় গুণে ছরিয়েছেন মুগ্ধতা। এখন ঢাকার চেয়ে কলকাতার ছবির শুটিং নিয়েই ব্যস্ততা বেশি তার।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নিজেকে জড়াতে দেখা যায় এ অভিনেত্রীকে।
আর বেশির ভাগ বাঙালির প্রিয় খাবারের তালিকায় ফুচকা অবধারিতভাবে আছে শীর্ষস্থানে। জয়া আহসানও যে ফুচকার প্রেমে ভালোভাবে মজেছেন, তা বোঝা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর পোস্ট করা ছবিগুলো দেখে।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) ফেসবুকে জয়ার অফিশিয়াল পেজে আপলোড করা হয় কয়েকটি ছবি। কয়েকদিনের শৈত্যপ্রবাহ শেষে সূর্য উঁকি দিতে শুরু করেছে গতকাল থেকে। আর রৌদ্রস্নাত দিনে ফুচকা হাতে জয়ার মনকাড়া হাসি প্রাণ জুড়িয়েছে সবার।
জিন্সের প্যান্ট, ফুলহাতা টি-শার্টের উপরে জিন্সের জ্যাকেট, রোদচশমা পরিহিত জয়াকে এ সময় দারুণ দেখাচ্ছিল। প্রিয় ফুচকা হাতে পেয়ে জয়া যে দারুণ খুশি, তা বোঝা যাচ্ছিল তাঁর অভিব্যক্তি দেখে। আর মোহনীয় ভঙ্গিমায় প্রিয় অভিনেত্রীকে দেখে তাঁর ভক্তকুলও যে বেজায় খুশি, তা তাঁদের প্রতিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছে।
প্রকাশ্যে আসার মাত্র ৩০ মিনিটের মাথায় পোস্টটিতে সাড়ে সাত হাজারেরও বেশি লাইক পড়েছে। এ ছাড়া এতে মন্তব্য জমা পড়েছে ৩০০টিরও বেশি।
জনপ্রিয়তার দিক দিয়ে জয়া আহসান বাংলাদেশের অন্যতম শীর্ষ অভিনেত্রী। শুধু এপার বাংলা নয়, ওপার বাংলাতেও জয়ার জনপ্রিয়তা আকাশচুম্বী। ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘দেবী’, ‘বিসর্জন’, ‘এক যে ছিল রাজা’, ‘কণ্ঠ’সহ দুই বাংলায় বেশ কয়েকটি সুপারহিট সিনেমা আছে জয়ার ঝুলিতে।
এএস





