অবশেষে শাদি বা লাড্ডু খেয়েই ফেললেন ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। গত ২৩ আগস্ট ফ্রান্সে হয়ে গেলো তাদের কাঙ্ক্ষিত বিয়ে। নয় বছর প্রেমের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বিখ্যাত এই যুগল। তাদের এক মুখপাত্র বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে এ তথ্য জানান।
ফ্রান্সে নিজেদের বাড়িতে ঘরোয়া পরিসরে পিট ও জোলির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এখানে দুই পরিবারের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু ছিলেন। ব্রাঞ্জেলিনার ছয় সন্তানের মধ্যে ম্যাডক্স ও প্যাক্স মায়ের সঙ্গে বিয়ের মঞ্চ পর্যন্ত হেঁটেছে। জাহারা ও ভিভিয়েন ফুলের পাঁপড়ি ছিটিয়েছে মা-বাবার ওপর। আর শিলো ও নক্স আংটি বহন করেছে।
বিয়ের আগে স্থানীয় বিচারকের কাছ থেকে বিয়ের লাইসেন্স সংগ্রহ করেন ৫০ বছর বয়সী পিট ও ৩৯ বছর বয়সী জোলি। ওই বিচারকই বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন।
দুই বছর আগে জোলির অনামিকাং আংটি পরিয়ে দেন পিট। ওটার ডিজাইনারও ছিলেন পিট। তারা ফ্রান্সেই বিয়ে করবেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে গত বছর। কিন্তু দু’জনে বিয়ের যুতসই দিনক্ষণ নির্বাচন করতে পারছিলেন না। শেষমেষ ২৩ আগস্টকেই বেছে নিলেন তারা।
২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে অভিনয় করতে গিয়ে পিট ও জোলি একে অপরের প্রেমে পড়েন। তাদের ছয় সন্তানের মধ্যে তিনজন দত্তক। বাকি তিনজন তাদের ভালোবাসার ফসল।
জোলি এর আগে অভিনেতা জনি লি মিলার ও বিলি বব থর্নটনের ঘরণী ছিলেন। আর পিট সংসার করেছেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে।
পিট ও জোলি এখন ‘বাই দ্য সী’ নামের একটি ছবিতে অভিনয় করছেন। অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনা করছেন জোলি আর প্রযোজকের দায়িত্ব সামলাচ্ছেন পিট।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





