বাংলা গানের কিংবদন্তি সুবীর নন্দীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। শিল্পীর মৃত্যু নেই। শিল্পীরা শুধু চোখের আড়াল হয়। দেহ চলে যায়, আত্মা মানুষের মাঝে বিরাজ করে! সুবীর নন্দী চলে গেছেন এক বছর হলো।

গত বছরের ৭ মে এই দিনে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কখনো মনেই হয়নি যে, তিনি আমাদের মাঝে নেই! কারণ সুবীর নন্দী বেঁচে আছেন গানের মাঝেই, যুগের পর যুগ বেঁচে থাকবেন এভাবেই।

১৯৫৩ সালের ১৯ নভেম্বর সিলেটের হবিগঞ্জে জন্ম নেয়া সুবীর নন্দী চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে কণ্ঠ দিয়েছেন প্রায় আড়াই হাজারের বেশি গানে। সিনেমায় তিনি প্লেব্যাক করেন ১৯৭৬ সালে সূর্যগ্রহণ চলচ্চিত্রে। ৮১-তে প্রকাশ পায় তার প্রথম অ্যালবাম সুবীর নন্দীর গান।

পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি বাংলা সংগীতে বিশেষ অবদানে, দেশের দ্বিতীয় বেসামরিক সম্মাননা একুশে পদক পেয়েছেন সুবীর নন্দী।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে গান গাইতে পছন্দ করতেন সুবীর নন্দী। বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্রের প্লেব্যাকে তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। সংগীতচর্চার পাশাপাশি ব্যাংকে চাকরি করতেন তিনি। ২০১৯ সালের ৭ মে ৬৫ বছর বয়সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান ওই বছরেই সংগীতে অবদানের জন্য একুশে পদকে ভূষিত এই শিল্পী।

এএস