আমিরাত-ভিক্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, ৪৮ কর্মঘণ্টার মধ্যেই ভিসার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় পর্যটকদের জন্য শেষ মুহূর্তে দুবাই ভ্রমণ আরও সহজ হয়ে উঠতে পারে।

ট্র্যাভেল এজেন্টরা বলেছেন যে, এই গ্রীষ্মে পর্যটকদের জন্য সবচেয়ে বড় সুবিধা হতে পারে হোটেল, আউটডোর কার্যকলাপ এবং আকর্ষণীয় স্থানগুলোতে উপলব্ধ বিভিন্ন ছাড়। কিছু হোটেলে রুম ভাড়া ১৩৯ দিরহাম থেকে শুরু হচ্ছে। ।

উদাহরণস্বরূপ, দুবাইয়ের বিখ্যাত রোভ হোটেলস নির্দিষ্ট কিছু তারিখে ৩৬ ঘণ্টার জন্য ১৩৯ দিরহাম থেকে শুরু করে রুমের বিজ্ঞাপন দিচ্ছে। এতে ফলে দুই রাতের থাকার খরচ ৩০০ দিরহামের নিচেও নেমে আসতে পারে, যা দুবাইতে প্রত্যাশিত খরচের চেয়ে অনেক কম।

এর বাইরে ডেজার্ট সাফারি, জেট স্কি এবং বাগি রাইডে অবিশ্বাস্য ছাড় দেওয়া হচ্ছে। ফলে দ্রুতে বুকিং দিলে খুব সাশ্রয়ী খরচে ভ্রমণের সুযোগ মিলছে।

দুবাইয়ের অন্যতম জনপ্রিয় অভিজ্ঞতা হলো ডেজার্ট সাফারি, যা মূলত মরুভূমির বালিয়াড়ির মধ্যে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির অভিজ্ঞতা নেওয়া। শীতকালে সাধারণত এর প্যাকেজ ১৫০ দিরহামের আশপাশে থাকে। তবে গরমকালে এটি ৫০ দিরহামের আশপাশে পাওয়া যায়। তবে বুকিং করার আগে কী কী সুবিধা পাওয়া যাবে তা যাচাই করে নেওয়া ভালো।

অন্যদিকে বুর্জ আল আরব বা আটলান্টিস দেখার জন্য জেট স্কি রাইড পর্যটকদের খুব প্রিয়। গ্রীষ্মকালে অপারেটররা প্রায়ই সপ্তাহের কর্মদিবসগুলোতে বিশেষ অফার এবং অগ্রিম বুকিং করলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়। তবে এটির ক্ষেত্রে সরাসরি কাউন্টারে গিয়ে টিকেট না কেটে অনলাইনে অফারগুলো দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

প্লুটো ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার ভরত আইদাসানি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়ার কারণে পর্যটকরা দুবাই সফরে আরো আগ্রহী হয়ে উঠবেন। দ্রুত ভিসা পাওয়ার নিশ্চয়তা পেলে পর্যটকরা সেটিকে সহজেই গন্তব্য হিসেবে বেছে নিতে পারেন।

যেভাবে পাওয়া যাবে ভিসা

পর্যটকরা সরাসরি Emirates ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ভিসার আবেদন এবং ফি পরিশোধ করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে পাসপোর্ট (কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে), সাম্প্রতিক ছবি, হোটেল বুকিং, এবং কনফার্ম করা ফ্লাইটের টিকিট দেখাতে হবে।

কাগজপত্র ঠিক থাকলেই ৪৮ ঘণ্টা মধ্যেই ৩০ দিন এবং ৬০ দিনের সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসার অনুমোদন পাওয়া যাবে। তবে বিশেষ ক্ষেত্রে ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেও অনুমোদন পাওয়া যাচ্ছে।

সূত্র: খালিজ টাইমস

এমএম